,

 

বন্যাকবলিত বাঘাইছড়ি-লংগদু পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল, টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : 15 July 2026, 08:04

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সুশাসন, ন্যায়বিচার ও সম্প্রীতির ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধশালী অঞ্চলে গড়ে তোলা হবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু দুর্যোগে ত্রাণ বিতরণ নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাঙামাটির বন্যাকবলিত লংগদু ও বাঘাইছড়ি উপজেলা পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো ধরনের বৈষম্য বা অবিচারের স্থান নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, খাল, ছড়া ও পানি নিষ্কাশন ব্যবস্থা পুনর্গঠন করা হবে। একই সঙ্গে প্রাকৃতিক পানি প্রবাহ সচল রাখতে খাল, উপখাল ও নদী দখল কিংবা ভরাটের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি জানান, জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতোমধ্যে প্রায় ৮ হাজার ৮০০ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত ভূমিকারও প্রশংসা করেন তিনি।

মীর হেলাল বলেন, সাময়িক সমাধানের পরিবর্তে স্থায়ী অবকাঠামো নির্মাণে সরকার গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনে বেশি ব্যয় করেও এমন প্রকল্প বাস্তবায়ন করা হবে, যাতে ভবিষ্যতে একই ধরনের দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতি কম হয়।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিসহ সব মানুষের সমান অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কৃষি, পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এ অঞ্চল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বাঘাইছড়ি-লংগদু উন্নয়ন প্রকল্পের আওতায় নদী ড্রেজিং ও বাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রঋণগ্রহীতা পরিবারের জন্য এক মাসের কিস্তি ও সুদ আদায় স্থগিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাঘাইছড়িতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী লংগদু ও বাঘাইছড়ি উপজেলার বন্যাদুর্গত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এছাড়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভিডিও