,

 

শিক্ষার্থীদের অবরোধে পড়ে দুই গাড়ির সংঘর্ষ, ৩ জন আহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 15 July 2026, 06:10

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পড়ে দুই গাড়ির ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। এতে দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলম আশেক বলেন, গুরুতর আহত এক ব্যক্তিকে কয়েকজন ব্যক্তি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি কথা বলতে পারছিলেন না। অজ্ঞান অবস্থায় ছিলেন। তাকে ক্যাজুয়েলিটি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তী চিকিৎসকেরা অবস্থা বুঝে ২৮ নাম্বারে ভর্তি দিতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে ২ নম্বর গেট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ৪ নম্বর রুটের একটি সিটি বাস যানজট এড়াতে লেইন পরিবর্তনের চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দীর্ঘ চেষ্টার পর তাকে বের করে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ২ নম্বর গেট ও আশপাশের সড়কে যানজট আরও তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও