কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদী, খাল-বিল ও ছড়ার পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন ইউনিয়নের বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও ফসলি জমিতে পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে আমিরাবাদ, পদুয়া, আধুনগর, চুনতি, বড়হাতিয়া, পুটিবিলা, কলাউজান, চরম্বাসহ বিভিন্ন এলাকার নিচু অঞ্চল প্লাবিত হতে শুরু করে। অনেক স্থানে বাড়ির আঙিনা ও গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, টানা বৃষ্টিতে আমিরাবাদ নতুন বাজার এলাকা পানিতে তলিয়ে গেছে এবং অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া টংকাবতীর খালের পানি ঢুকে পুটিবিলা, চুনতি ও বড়হাতিয়ার কয়েকটি এলাকাও প্লাবিত হয়েছে।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাব জিম উদ্দিন বলেন, ডলু নদীর ভাঙন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করায় বড়ুয়া পাড়াসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। হাতিয়ার খাল ভেঙে সিকদার পাড়া পানিতে ডুবে গেছে এবং উত্তর হরিনা ওঝা পাড়ায় ভারী বৃষ্টিতে একটি মাটির ঘর ধসে পড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন একটি মনিটরিং সেল চালু করেছে। জরুরি প্রয়োজনে উপজেলা প্রশাসনের ০১৮৭১০৯৯৬২৩, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ০১৭৫৫৯৬৬৩৪৪ এবং আইটি টেকনিশিয়ান আরিফের ০১৮১২-৭৬০৭৮৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদের সচিবদের মাইকিং করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ জানান, পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে বলেও জানান তিনি।