,

 

কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 7 July 2026, 06:51

কক্সবাজারে পাহাড় ধসে নাসিমা আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নাসিমার স্বামী জসিম উদ্দিন (৪০) ও সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। তিনি বলেন, টানা বৃষ্টিতে পাহাড়ধসে একটি বসতঘর চাপা পড়ে। এতে নাসিমা আক্তার, তার স্বামী ও সন্তান আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউএনও আরও বলেন, ভারী বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের আগেই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। কিন্তু অনেকেই সেই নির্দেশনা মানেননি। এরই প্রেক্ষিতে আজ বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঝুঁকিপূর্ণ এলাকায় উচ্ছেদ ও সরিয়ে নেয়ার অভিযান পরিচালনা করা হবে।

ভিডিও