চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ, আসামি নিয়ে জনতা-পুলিশ সংঘর্ষের ২৪ ঘণ্টার মধ্যেই ফের আরও দুটি ধর্ষণ ঘটনা ঘটে গেছে। শুক্রবার দুপুর ও বিকেলে নগরের ডবলমুরিং থানার হাজাীপাড়া ও বায়েজিদ থানার মোহাম্মদনগর বড়ুয়াবাড়ি ভবনে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আহত দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডবলমুরিং থানার হাজিপাড়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে এহসান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা গ্রেফতার ধর্ষককে ছিনিয়ে নিতে আনুমানিক এক ঘণ্টা পুলিশকে অবরুদ্ধ করে রাখে।
তবে শেষ পর্যন্ত পুলিশ আসামিকে গ্রেফতার করে বিকালে চট্টগ্রাম আদালতে হাজির করেছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘ধর্ষণচেষ্টার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আমরা আসামিকে আটক করার পর বিক্ষুব্ধ লোকজন পুলিশকে ঘিরে ফেলে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর অতিরিক্ত পুলিশ ফোর্সের সহায়তায় আমরা অবরুদ্ধ অবস্থা থেকে বের হতে সক্ষম হই।’
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি পরিবারের সঙ্গে হাজীপাড়ার যে ভবনে থাকে, এহসান সেই ভবনেরই কেয়ারটেকার। আজ দুপুরে বাসায় ভুক্তভোগী শিশুটিকে একা পেয়ে সে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং এহসানকে আটক করে।
খবর পেয়ে দুপুর ২টার দিকে ডবলমুরিং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এহসানকে আটক করে। তবে পুলিশ তাকে নিয়ে আসতে চাইলে বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। আসামিকে ছিনিয়ে নিতে এসময় জনতা পুলিশকেও অবরুদ্ধ করে রাখে ।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল আলম পারভেজ জানালেন, এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় এহসানকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, শুক্রবার বিকাল আনুমানিক ৩টার দিকে বায়েজিদ বোস্তামি মোহাম্মদ নগর বড়ুয়াবাড়ি নামে একটি ভবনে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হাসান নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দ পুলিশ। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে তাকে বায়েজিদ বোস্তামি থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাসান ভুক্তভোগী শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। হাসান ভুক্তভোগী শিশুটির পূর্বপরিচিত। এ ব্যাপারে বায়েজিদ বোস্তামি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলছে জানা গেছে।
পূর্বতারা/ইউডি