বুধবার, ১৭ জুন ২০২৬

এস আলমসহ ১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৮:৫৪

ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ শাখার দায়ের করা মামলায় মোহাম্মদ সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ প্রদান করা হয়েছে।

বুধবার (২১ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন।

আদেশ অনুযায়ী, আদালত ২ থেকে ১২ নম্বর আসামির বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশসহ গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

সাজা পরোয়ানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গুফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, তার ভাই ওসমান গনি, মো. রাশেদুল আলম, আবদুস সামাদ, মোহাম্মদ আবদুল্লাহ হাসান, শহিদুল আলম, ফারজানা বেগম, ফারজানা পারভীন ও আহসানুল আলম। তাদের সবার বর্তমান ঠিকানা হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার ‘এস আলম হাউস’ উল্লেখ করা হয়েছে।

এছাড়া তাঁর স্ত্রী ফারজানা পারভীন ও ছেলে আহসানুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৬ আগস্ট ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা এস. আলম গ্রুপ সংশ্লিষ্ট ১৭ জনের বিরুদ্ধে ৮০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৭৬১ টাকার অর্থঋণ দাবি করে মামলা দায়ের করে। পরবর্তীতে ৯ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে ওই অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে ডিক্রি জারি করেন।

ডিক্রি অনুযায়ী নির্ধারিত ৬০ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করায় পরবর্তীতে চলতি বছরের ২০ জানুয়ারি সুদসহ ৮৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৯৭ টাকার দাবিতে মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় ডিক্রি কার্যকর হয়নি। ফলে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারা অনুযায়ী আদালত গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

ভিডিও