বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে শিশু টিটন হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৩:৪১

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় সাত বছরের শিশু টিটন দে হত্যা মামলায় সুজন দাশ নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুজন দাশ (৩৫) রাউজান উপজেলার কেলারহাট কোয়েপাড়া চৌধুরী বাড়ির মৃত অনিল কুমার দাশের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। তিনি জানান, মামলাটি শুরুতে দণ্ডবিধির ৩০২ ধারায় বিচারাধীন থাকলেও পরে আদালত ঘটনাটিকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে ৩০৪ ধারায় সাজা প্রদান করেন।

মামলার নথি থেকে জানা যায়, নিহত টিটন দে নগরের চান্দগাঁও এলাকার সিএন্ডবি-বিএফআইডিসি সড়কের একটি বাসায় মা সুমি দে’র সঙ্গে থাকতো। একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন আত্মীয় সুজন দাশ ও তার পরিবার। ২০১৫ সালের ১১ জুলাই সুমি কাজে যাওয়ার পর টিটনকে বাসায় নিয়ে যান সুজনের স্ত্রী। রাতে বাসায় ফিরে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান মা। জিজ্ঞাসা করলে সুজন দাশ শিশুটিকে মারধর করেছেন বলে জানানো হয়।

পরদিন ১২ জুলাই দুপুরে টিটনকে গোসল করানো নিয়ে সুজন দাশের সঙ্গে সুমির বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সুজন শিশুটিকে এলোপাতাড়ি মারধর করেন। টিটন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন শিশুর মা সুমি দে। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ভিডিও