সরকারি ১৯০ টন চাল আত্মসাতের মামলায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৫ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে কুতুবদিয়ার বড়ঘোপ খাদ্য গুদাম থেকে ১৯০ দশমিক ৪৪২ টন সরকারি চাল আত্মসাতের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরী গা-ঢাকা দেন।
এ ঘটনায় প্রথমে কক্সবাজার জেলা খাদ্য কর্মকর্তা আফিফ আল মাহমুদ মিঞা কুতুবদিয়া থানায় এজাহার দায়ের করেন। পরে বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আওতাভুক্ত অপরাধ হওয়ায় চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে ২০২০ সালের ৭ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, রায় ঘোষণার সময় প্রধান আসামি পলাশ পাল চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অন্য পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।
দুদকের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০২২ সালের ২ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৫ সালের ১৫ জানুয়ারি আসামির অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। পরে ১৪ মে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। আদালত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশও দিয়েছেন।