বুধবার, ১৭ জুন ২০২৬

লিচু খেতে এসে কুকুরের আক্রমণে হরিণের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৬:৩৩

রাঙামাটির কাপ্তাইয়ে বন থেকে লোকালয়ে লিচু খেতে এসে কুকুরের আক্রমণে একটি মায়া হরিণ প্রাণ হারিয়েছে।রবিবার (১০ মে) সকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বন বিভাগ থেকে হরিণের মৃত্যুর খবর পাই। কাপ্তাই ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম নিয়ে দ্রুত কর্ণফুলি রেঞ্জে যাই। কুকুরের আক্রমনেই মায়া হরিণটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে এটিকে মাটিতে পুঁতে ফেলে হয়েছে’।

সিবিএ কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন বলেন, ‘সকালে কুকুরের আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে রক্তাক্ত মৃত হরিণটিকে দেখতে পাই। হরিণটিকে কুকুর আক্রমণ করে পিছনের দিকে মাংস ছিঁড়ে নিয়ে গেছে। পরে স্থানীয়রা কাপ্তাইয়ের কর্ণফুলী রেঞ্জের বন বিভাগকে বিষয়টি অবগত করলে তারা এসে মৃত হরিণটিকে নিয়ে যায়’। 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক জামাল উদ্দিন বলেন, ‘কুকুরের আক্রমণের শিকার হরিনটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। এটি মায়া হরিণ ছিল’।

পূর্বতারা/ইউডি

ভিডিও