বুধবার, ১৭ জুন ২০২৬

সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৬, ১২:০৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ।

শনিবার (৯ মে) ভোরে সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকার ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আগে থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি হেগেরা চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-প্রসীত দলের সদস্য ছিলেন। তবে এ বিষয়ে সংগঠনটির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সেখানে পৌঁছে বিস্তারিত জানা যাবে।

এদিকে, গত ৭ মে খাগড়াছড়ির পানছড়ি বাজারে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য ও কালেক্টর ইমনকে গুলি করে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষ এই হামলা চালিয়ে থাকতে পারে।

ভিডিও