রবিবার, ২১ জুন ২০২৬

ওমান থেকে কুরিয়ারে আসা ক্রিস্টাল আইসসহ চট্টগ্রামে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ মে ২০২৬, ০৮:৪৯

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোন। উদ্ধারকৃত মাদকের মূল্য সাড়ে ১৭ লাখ টাকা বলে গোয়েন্দা পুলিশ জানায়।

মঙ্গলবার (৫ মে) মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাত ৮টার দিকে পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ফটিকছড়ির এক প্রবাসী সরাসরি ওমান থেকে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দেশে এনে এসব বিক্রি করেন।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) এবং একই উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাহ নগর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, উদ্ধার ও জব্দকৃত মাদক ফটিকছড়ি উপজেলার এক ওমান প্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে ওই স্থানে ক্রয়-বিক্রয় করার জন্য তারা অবস্থান করছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও