বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

অর্থ আত্মসাৎ : সাইফুজ্জামান জাবেদের বিরুদ্ধে মামলায় আরও ৭ জনের সাক্ষ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ মে ২০২৬, ০২:২৮

ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

মঙ্গলবার  (৫ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, মামলায় দুদকের পক্ষ থেকে আদালতে ৭ জন সাক্ষী উপস্থাপন করা হয়। আদালতে তাঁদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা এবং দুজন আরামিট গ্রুপের কর্মকর্তা।” এ পর্যন্ত এই মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২৫ মে মামলার পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত। 

এর আগে ১০ এপ্রিল ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। তার আগে গত ৫ এপ্রিল মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান আদালতে সাক্ষ্য দেন।

গত ১১ মার্চ এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেদিন সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৫ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছিল।

এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান গত বছরের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।

আসামিদের মধ্যে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল ও জাবেদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে সুপারিশ করেন। এছাড়া আরও সাতজনকে অভিযোগপত্রে তদন্তে প্রাপ্ত আসামি করা হয়।

বাকি ২৯ জনের সঙ্গে তদন্তে পাওয়া সাতজনসহ মোট ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। অভিযোগপত্রে ইউসিবিএল ব্যাংক ও জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

ভিডিও