চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য মাত্র দুই ঘণ্টা সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, সোমবার (৪ মে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় (বার লাইব্রেরি) থেকে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। একই সময়ের মধ্যে তা পূরণ করে জমাও দিতে হবে।
মাত্র দুই ঘণ্টা সময় নির্ধারণ করায় আইনজীবীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট মো.সেলিম উদ্দিন বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। অতীতেও এই রকম সময় দেওয়া হয়েছিল। আমাদের ৭২ ঘণ্টার মধ্যে প্রার্থীর সব প্রক্রিয়া শেষ করতে হয়’।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, একই সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, পূরণ এবং জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রার্থীদের জন্য চাপ তৈরি করতে পারে।বিশেষ করে প্রার্থীর সংখ্যা বেশি হলে এই স্বল্প সময় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
তপশীল অনুযায়ী, ৫ মে মনোনয়নপত্র বাছাই, ৬ মে আপত্তি শুনানি, ৮ মে মনোনয়ন প্রত্যাহার এবং ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পূর্বতারা/ইউডি