বুধবার, ১৭ জুন ২০২৬

চবি শাটল ট্রেনে পাথর নিক্ষেপে লোকোমাস্টার আহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে শহরগামী শাটল ট্রেনে পাথর নিক্ষেপে মাথায় আঘাত পেয়েছেন লোকোমাস্টার মো. ওমর ফারুক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে নগরীর আমিন জুট মিল এলাকায় এ ঘটনায় ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ষোলশহরের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম। তিনি বলেন, ক্যাম্পাস থেকে বিকাল ৪টা ৪০ মিনিটে ছেড়ে আসা শাটল ট্রেনটি নগরীর হামজারবাগ মোড় থেকে আমিন জুট মিল এলাকার মাঝে পৌঁছালে পাথর নিক্ষেপ করা হয়।

তিনি বলেন, এতে লোকমাস্টার মাথায় সামান্য আঘাত পান। ঘটনার সময় তিনি ট্রেন চালাচ্ছিলেন। আহত অবস্থাতেও তিনি ট্রেন চালিয়ে চট্টগ্রামে পৌঁছান।

পাথর ছোড়ার স্থান পরিদর্শনে গিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. রফিকুল হাসান। তিনি বলেন, হামজারবাগ মোড় থেকে আমিন জুট মিল এলাকার মধ্যে পাথর নিক্ষেপের ঘটনাটি ঘটে। এলাকাটি ঘনবসতিপূর্ণ, রাস্তার পাশে দোকানপাট রয়েছে এবং ছোট ছোট ছেলেপেলেরা প্রায়ই সেখানে অবস্থান করে। হঠাৎ করেই কে বা কারা পাথর নিক্ষেপ করেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

তিনি বলেন, আগে এ ধরনের ঘটনা মূলত কদমতলী রোড এলাকায় বেশি ঘটত। তবে এখন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। আমরা ইতোমধ্যে স্থানীয়দের সঙ্গে বৈঠক করে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, তবে এখনো পর্যন্ত জড়িতদের শনাক্ত করা যায়নি।

ভিডিও