চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট এলাকায় স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এ প্রকল্পের জন্য ১১৪ কোটি ৭১ লাখ টাকার কারিগরি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ ভবন-এর ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভায় জানানো হয়, ‘চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন’ প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য দেশি-বিদেশি পাঁচটি প্রতিষ্ঠানের একটি যৌথ কনসোর্টিয়ামকে কারিগরি পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই কনসোর্টিয়ামে রয়েছে ফ্রান্সের SAFEGE (SUEZ Consulting),SEURECA এবং বাংলাদেশের DevConsults Ltd., Institute of Water Modelling (IWM) এবং Visionary Consortium Ltd.
প্রকল্পের পরামর্শক বাবদ মোট ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৫০৮ টাকা। কারিগরি যাচাই-বাছাই ও দরপত্র প্রক্রিয়ার সব ধাপ শেষে সর্বোচ্চ স্কোর অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবেই এ কনসোর্টিয়ামকে নির্বাচন করা হয়েছে।
এ ছাড়া সভায় ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ, প্রিভেন্টিভ সার্ভিসেস’ প্রকল্পের আওতায় আউটসোর্সিং পদ্ধতিতে ২৪০ জন জনবল নিয়োগের প্রস্তাবও অনুমোদন পায়। উন্মুক্ত দরপত্রে সাতটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে ‘মাছরাঙা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ কাজটি পেয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ২৮ কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৬৬ টাকা।
সরকারি এ সিদ্ধান্তের ফলে চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।