০
রাঙামাটির কাপ্তাইয়ে প্রায় ৪ ফুট দৈর্ঘ্যর ১৬ কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি বাঘা আইড় মাছ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মাছটি ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জেটিঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।
বন বিভাগের তথ্য অনুযায়ী, বাঘা আইড় বাংলাদেশে ‘লাল তালিকাভুক্ত’ একটি মহাবিপন্ন প্রজাতি। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এ ধরনের মাছ শিকার, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, উদ্ধারকৃত মাছটিতে কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেওয়া হয়, যাতে এর কোনো অংশ ব্যবহার করা না যায়।