বুধবার, ১৭ জুন ২০২৬

আটতলা থেকে লিফটের গর্তে ফেলে হত্যা

সাজিদ হত্যা : এ পর্যন্ত ৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০

চট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার পর্যন্ত এ হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ছিল ৪ জন।

শনিবার খাগড়াছড়ি ও বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে এ মামলায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার র‌্যাব-৭ এর মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন এই দু’জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ও রাত ৩ টায় বাগেরহাট জেলায় র‌্যাব-৭ ও র‌্যাব-৬ এর পৃথক দুটি অভিযানিক দল তাঁদের গ্রেফতার করেন।

গ্রেফতাররা হলেন- রানা ওরফে মাইকেল রানা ও মো: ইলিয়াস। এদের মধ্যে রানা চট্টগ্রামের সন্দীপ উপজেলার রহমতপুর গ্রামের এবং ইলিয়াস চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন দেওয়ান বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭’র মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন , গ্রেফতার হওয়া দু’জনই হত্যা মামলাটির এজাহারনামীয় তিন ও চার নম্বর আসামি। হত্যাকাণ্ডের পর তাঁরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের অবস্থানের তথ্য পেয়ে রানাকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামুনি বাসস্ট্যান্ড এলাকা এবং ইলিয়াসকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বড় খাজুরার হাট পূর্বপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে দু’জনকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বতারা/ ইউডি

ভিডিও