বুধবার, ১৭ জুন ২০২৬

জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: এনসিটি ইস্যুতে নৌপরিবহন মন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মুনাফা নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে কি-না সে বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যেকোনো বড় সিদ্ধান্তে সরকার দেশের স্বার্থকেই সবার উপরে রাখবে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ২৮তম ব্যাচের রেটিংদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ভূ-রাজনীতির মারপ্যাঁচে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ উদ্ধারে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালছে। একইসাথে তিনি দেশে জ্বালানির কোনো প্রকৃত সংকট নেই উল্লেখ করে বলেন, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে যাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে চাহিদার বিপরীতে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। পেট্রোল পাম্পগুলোতে আমরা স্বাভাবিক সরবরাহ দিচ্ছি, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম চাহিদা তৈরি করে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও যোগ করেন, ইতিমধ্যে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মেরিটাইম সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী প্রশিক্ষণার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন।

ভিডিও