বুধবার, ১৭ জুন ২০২৬

জ্বালানি সংকট মোকাবেলায় চট্টগ্রাম বন্দরে জেট ফুয়েল ও ডিজেলের নতুন চালান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২১

দেশে জ্বালানি সংকট মোকাবেলায় নতুন করে জেট ফুয়েল ও ডিজেলের বড় চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এতে জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উড়োজাহাজের জন্য প্রয়োজনীয় জেট ফুয়েল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের একটি জাহাজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করে। জাহাজটিতে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সরবরাহ করা ১২ হাজার টন জ্বালানি রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ১২ এপ্রিল পর্যন্ত দেশে মজুত থাকা জেট ফুয়েল দিয়ে প্রায় ১৫ দিনের চাহিদা পূরণ সম্ভব ছিল। নতুন চালান যুক্ত হওয়ায় মজুত সক্ষমতা আরও বেড়েছে। চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে দৈনিক গড়ে ১ হাজার ৭৫৮ টন হিসেবে মোট ২১ হাজার টন জেট ফুয়েল বিক্রি হয়েছে।

জেট ফুয়েলের পাশাপাশি ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মঙ্গলবার রাত ১১টার দিকে আরও দুটি বড় জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে ইউনিপ্যাক সিঙ্গাপুরের ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে ৩৩ হাজার টন এবং ভিটল এশিয়ার ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে ৩৫ হাজার টন ডিজেল আসছে।

দেশের পরিবহন, শিল্প ও কৃষি খাতে ডিজেলের ব্যাপক চাহিদা থাকায় ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিপিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক ১১ হাজার টনের বেশি ডিজেল বিক্রি হচ্ছে। নতুন চালানগুলো যুক্ত হলে মজুত পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।

সার্বিক পরিস্থিতি নিয়ে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, “ইতোমধ্যে কয়েকটি জাহাজ এসেছে, সামনে আরও আসবে। চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। চলতি মাসে জ্বালানি তেলের সরবরাহে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই।”

ভিডিও