০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি চাইনিজ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার জীবতলী এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে পাহাড়ে পালিয়ে যায়। পরে জীবতলী ব্রিজ এলাকায় ব্যাগটি তল্লাশি করে একটি চাইনিজ পিস্তল, গুলি এবং দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারি চক্র সীমান্ত সড়কের মাঝিপাড়া-রূপকারী এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেট পাচার করে আসছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এসব চোরাচালান কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকতে পারে।