বুধবার, ১৭ জুন ২০২৬

চবির দেওয়ালে গোলাম আযমের ব্যঙ্গাত্মক ছবি!

চবি প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছবি সম্বলিত পোস্টার দেখা গেছে। সেখানে জুতার চিহ্ন এঁকে নিচে লেখা হয়েছে— ‘আমাকে জুতা মারুন।’

সোমবার (৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের ওয়াশরুম এবং কলা ঝুপড়ির দেয়ালে এসব পোস্টার দেখা যায়।

হঠাৎ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে এসব পোস্টার নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ কাজকে ‘উসকানিমূলক’ বলছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

চবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, যারা এ কাজ করেছে তারা চাচ্ছে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল হোক। তারা আমাদের কাছ থেকে প্রতিক্রিয়াশীল আচরণ প্রত্যাশা করছে। আমি মনে করি এ ধরনের কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকা দরকার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, গোলাম আজম বাংলাদেশের ইতিহাসের একজন ঘৃণিত ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময়কার কৃতকর্মের কারণে অনেকেরই তার উপর ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ থেকে হয়ত কেউ এ কাজ করেছে। আমি এটাকে আহামরি কোনো পাপ হিসেবে দেখছি না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহিদ সরওয়ার্দী বলেন, দুষ্কৃতকারীরা গোলাম আযমের পোস্টার টাঙিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল রাখতে সর্বোচ্চ সক্রিয় আছি। ছাত্রসংগঠনগুলোকে ক্ষেপিয়ে তুলতে এ ধরনের কার্যক্রম করা হচ্ছে। আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু ধারার রাজনীতি অব্যাহত রাখুন

ভিডিও