নিরাপত্তা, শৃঙ্খলা ও অবৈধ মজুত ঠেকাতে রুটিন অনুযায়ী জ্বালানি তেল বিক্রি করায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে রাঙামাটির ফিলিং স্টেশনগুলোতে। সোমবার সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শহরের চারটি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিতে অকটেন বিক্রি হচ্ছে।
এদিকে, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিস থেকে চারটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হলেও সকাল থেকে কাউকে সশরীরে উপস্থিত দেখা যায়নি। এ বিষয়ে ফোনে জানতে চাইলে ভিন্ন ভিন্ন উত্তর দিলেন তারা। দিয়েছেন নানা অজুহাত।
রুটিন অনুয়ায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সপ্তাহে তিন দিন অকটেন এবং তিন দিন ডিজেল দেওয়ার সিন্ধান্ত নেয় প্রশাসন। ফিলিং স্টেশনগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এতে শৃঙ্খলা ফেরায় সন্তুষ্টি প্রকাশ করেন অনেকে। ফিলিং স্টেশনগুলো পরিদর্শন করেছেন সেনাবাহিনী সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাতসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
বনরূপা এলাকার মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. ইসমাইল জানান, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জ্বালানি বিক্রি করছেন। ফলে স্বস্তিতে আছেন তারা।
এই ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার নিশান চাকমা বলেন, ‘অফিসের কাজ থাকায় পাম্পে যেতে পারিনি। দুপুরের পর যাবো।’
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, ‘পরীক্ষামূলকভাবে রুটিন পদ্ধতিতে বিক্রি শুরু হয়েছে। প্রয়োজন অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। পাশাপাশি পাম্পগুলোতে ট্যাগ অফিসার, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে।’