বুধবার, ১৭ জুন ২০২৬

শিল্পকলা একাডেমি অধ্যাদেশে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্তির দাবি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ০৪:২০

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্তির দাবিতে প্রতিবাদী আবৃত্তি ও সংবাদ সম্মেলন করেছেন আবৃত্তিশিল্পীরা। 

শুক্রবার (৬ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ‘বাংলাদেশ আবৃত্তিশিল্প রক্ষা কণ্ঠ সংগঠনের’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র ‘আবৃত্তি বিভাগ’ অর্ন্তভুক্তির দাবিতে প্রতিবাদী আবৃত্তি ও সংবাদ সম্মেলন করেন আবৃত্তিশিল্পীরা।  

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি জারি হওয়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬–এ একাডেমির বিভাগ সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৯টি করা হয়েছে। তবে এই অধ্যাদেশে কোথাও ‘আবৃত্তি’ শব্দটি অন্তর্ভুক্ত করা হয়নি।

সংবাদ সম্মেলন থেকে আবৃত্তিশিল্পীরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ পুনর্বিবেচনার মাধ্যমে একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ আবৃত্তিশিল্প রক্ষা কণ্ঠ সংগঠনের পক্ষে জেরিন মিলি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাট্যশিল্পীদের পক্ষে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, কবি ইউসূফ মুহাম্মদ, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মো. সাহব উদ্দিন বাবু, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার সভাপতি লাকী দাশ, আবৃত্তি সংগঠক মিশফাক রাসেল।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন আবৃত্তিশিল্পী নাজমুল আলিম সাদেকী। প্রতিবাদী আবৃত্তি করেন নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন সাবিলা সুলতান বানী ও আবৃত্তিশিল্পী এটিএম সাইফুর রহমান।

এতে অংশীজন ছিলেন- আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র, সেলিম রেজা সাগর ও বিশ্বজিৎ পাল সহ চট্টগ্রামের বিভিন্ন আবৃত্তি সংগঠনে দলপ্রধান ও আবৃত্তিশিল্পরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তিশিল্প রক্ষা কণ্ঠের অন্যতম সংগঠক সাইদুর রহমান পাটোয়ারী সবুজ ও শারমীন রীমা।  

ভিডিও