বুধবার, ১৭ জুন ২০২৬

চাক্তাইয়ে মালিকের টাকা নিয়ে পলাতক কর্মচারী গ্রেপ্তার

লোভের কাছে ভেস্তে গেল বিশ্বাস

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ১২:০৩

চট্টগ্রামের চাক্তাইয়ে মালিকের ২৪ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে পালিয়ে গেলেও তা আর হজম করা হয়নি কর্মচারী মো. আলীর। অবশেষে ঘটনার এক সপ্তাহের মাথায় তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

রোববার (২ মার্চ) খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আত্মসাৎ করা অর্থের ৯৫ শতাংশও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, গ্রেপ্তার আসামি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার আসামি মো. আলী (৪৪) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন ইউনিয়নের মির্জা আলী মুন্সীর বাড়ির মফজল আহমদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. আলী বাকলিয়ার চাক্তাই চাউল পট্টি এলাকায় ছোবহান সওদাগর রোডের ‘মদিনা স্টোর’-এর কর্মচারী। দীর্ঘ সাত আট বছর ধরে তিনি এই প্রতিষ্ঠানে কাজ করতেন। গত ২৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে ইসলামী ব্যাংক চাক্তাই শাখার হিসাব থেকে ২৪ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের জন্য একটি চেক নিজের বড় ভাই জসিম উদ্দিনকে দিয়ে কর্মচারী আলীর কাছে পাঠান মো. মোরশেদ কামাল। টাকাগুলো ব্যাংক থেকে তোলার পর কৃষি ব্যাংক চাক্তাই শাখায় জমা দেওয়ার নির্দেশ ছিল।

কিন্তু ব্যাংকে গিয়ে চেক জমা দেওয়ার সময় কর্মচারী মো. আলী চালাকি করে মালিকপক্ষ জসিম উদ্দিনকে বলেন, আমি টাকা নিয়ে আসতেছি। আপনি কৃষি ব্যাংকে চলে যান। জসিম উদ্দিনও সরল মনে আলীর কথা বিশ্বাস করে কৃষি ব্যাংকে চলে যান। কিন্তু সময় পেরিয়ে যায় আলী আর টাকা নিয়ে কৃষি ব্যাংকে আসে না। একপর্যায়ে জসিম উদ্দিন আলীকে ফোন করে। কিন্তু আলীর মুঠোফোন বন্ধ। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে থানায় মামলা করেন মোরশেদ কামাল।

মামলার পর সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার মো. হোসেন কবির ভূঁইয়া ও এডিসির দিকনির্দেশনায় তদন্ত শুরু হয়। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা চাক্তাই ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করেন। নিশ্চিত হওয়া যায়, তিনি খুলনায় অবস্থান করছেন।

এরপর খুলনা মেট্রোপলিটনের সোনাডাঙা থানা এলাকায় টানা ৪৮ ঘণ্টার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আসামির কাছ থেকে আত্মসাৎ করা টাকার ৯৫ শতাংশ জব্দ করা হয়েছে। টাকা উদ্ধারের সময় ভিকটিম মোরশেদ কামাল উপস্থিত ছিলেন।

ভিডিও