চট্টগ্রামের আনোয়ারায় বারখাইন ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৫জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বারখাইন শোলকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সম্রাটের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০ থেকে ১৫ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটকরা হলো— মোহাম্মদ ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), মোহাম্মদ হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মোহাম্মদ মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযানে তাদের কাছ থেকে দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক ১০-১৫ জনকে শনাক্তের চেষ্টা চলছে।