একুশে ফেব্রুয়ারি মানে বাঙ্গালির জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষাসহ সকল আন্দোলন-সংগ্রামের প্রেরণার দিন। মানুষের বাঁধভাঙা স্রোত, হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে শহীদ মিনারের বেদীমূলে শ্রদ্ধা নিবেদনের দিন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সারাদেশের মত চট্টগ্রামেও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর কেসি দে রোডস্থ মুসলিম হল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানামুখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করা হবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল হক মিঞাসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করবেন।
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর চট্টগ্রামের সাংসদবর্গ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসের প্রথম প্রহর থেকে শিশু-কিশোরসহ সকল বয়সী নারী-পুরুষ ছুটে আসবেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য।
জাতিসংঘের ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে, ‘১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি’।