শিল্পকলা পদকজয়ী জনপ্রিয় বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে ময়মনসিংহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম জানিয়েছেন।
ময়মনসিংহের সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, সুনীল কর্মকার ছিলেন বাউল মালজোড়া গান, মহাজনী গান ও লোকসংগীতের একজন স্বনামধন্য শিল্পী। দৃষ্টিহীন হয়েও তিনি সাধনা, কণ্ঠ আর সুরের শক্তিতে লোকসংগীত অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন। শৈশবকালেই সিংহের গাঁয়ের ইসরাইল মিয়ার শিষ্যত্ব গ্রহণ করেন সুনীল। গুরু ইসরাইল মিয়ার তাকে নিজ সন্তানের মতো লালন-পালন করেন এবং হাতে ধরে সংগীতের পাঠ দেন।
সুনীল কর্মকারের স্ত্রী আশা রানী কর্মকার বলেন, চারদিন আগে তার স্বামী নিউমোনিয়ায় আক্রান্ত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, উনি যে এভাবে চলে যাবেন, সেটা ভাবতে পারি নাই। তার শেষ ইচ্ছা অনুযায়ী, তাকে গৌরীপুরের কলতাপাড়া এলাকায় সাহিত করা হবে।
সুনীল কর্মকারের জন্ম ১৯৫৯ সালের ১৫ জানুয়ারি পূর্ব ময়মনসিংহে, বর্তমানে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বারনাল গ্রামে। তার বাবা ছিলেন দীনেশ কর্মকার এবং মা কমলা কর্মকার।