চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পরিবর্তনের জন্য এসেছি, ক্ষমতার জন্য নয়। জনগণের দেখভাল করতেই হাটহাজারীতে মাঠে নেমেছি।
তিনি বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ১৭ বছরের সকল অপ্রাপ্তি ও উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দিতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। হাটহাজারীকে সারা বাংলাদেশের জন্য একটি অনুকরণীয়, উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
মঙ্গলবার হাটহাজারী উপজেলার ৫নং নাংগলমোড়া ইউনিয়নে আয়োজিত নির্বাচনী পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে ব্যারিস্টার মীর হেলাল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি হাট-বাজার, মার্কেট ও দোকানপাটে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। পরে ঐতিহ্যবাহী ইব্রাহিম পেটেন মঞ্জিল মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।
গণসংযোগকালে তিনি নাংগলমোড়া ইউনিয়নের শ্রমজীবী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধ হাটহাজারী গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পথসভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদুল্লাহ দিলুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সেলিম হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মীর কাসেম, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মেম্বার, উপজেলা বিএনপি সদস্য ও সাবেক আহ্বায়ক হারুন রশীদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন ড. সালাউদ্দীন আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্সী ও দিদারুল আলম মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম চৌধুরী তকি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমাজসেবক, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।