রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন করতে পারবেন আসলাম চৌধুরী : সুপ্রিম কোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিককে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, ২৩ ব্যাংকে আসলাম চৌধুরীর দুই হাজার ১০০ কোটি টাকা ঋণ ছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিক হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। হাইকোর্ট আমাদের আবেদন খারিজ করে দেন। এরপর তিনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন।

আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অপরপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের (ইসি) বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।

ভিডিও