চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নী জোট মনোনীত ইসলামি ফ্রন্টের প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাসখামা গ্রামের মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে (২ ফেব্রুয়ারি) আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।
ইসলামি ফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো. নাজিমুদ্দীন বলেন, গতকাল রাতের হামলার ঘটনায় আমরা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।