রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

সোমবার ২ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম সাক্ষী হিসেবে মামলার বাদি আলিফের বাবা মো. জামাল উদ্দিনের সাক্ষ্য গ্রহণ শুরু করেছে আদালত।

এ ব্যাপারে ট্রাইব্যুনালের পিপি এস ইউ এম নুরুল ইসলাম বলেন, আদালতে বাদী জামাল উদ্দিন সাক্ষ্য দিয়েছেন। বাদীর আংশিক জেরাও হয়েছে। তিনি ভিকটিম। আদালতে তিনি তার ছেলে হত্যার বিচার দাবি করেছেন।

আলিফের বাবা বাদী জামাল উদ্দিন বলেন, আমি ন্যায়বিচার চাই। আসামিপক্ষ সময় ক্ষেপণের চেষ্টা করছে। সরকারের কাছে আবেদন যেন দ্রুত বিচার হয়।

গত ১৯ জানুয়ারি আইনজীবী আলিফ হত্যার ঘটনায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলার ২৩ জন বর্তমানে কারাগারে আছেন। বাকি ১৬ জন আসামি এখনো পলাতক।

২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হলে চট্টগ্রাম আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রিজনভ্যান ঘিরে তার অনুসারীরা বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত বছরের ২৯ নভেম্বর দিবাগত রাতে নগরের কোতোয়ালি থানায় ভুক্তভোগী আইনজীবী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করা হয়।

২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। এতে তদন্তকালে এজাহারনামীয় গগন দাশ, বিশাল দাশ ও রাজকাপুর মেথরের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়। একই সঙ্গে নতুন করে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করে আসামির সংখ্যা বাড়ানো হয়। পরে গত বছরের ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।

ভিডিও