নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল চট্টগ্রাম ও কক্সবাজারে টানা পাঁচটি জনসভা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দুই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা অনুষ্ঠিত হবে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার বাহারছড়া গোলচত্বর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন জামায়াত আমির।
কক্সবাজার পর্ব শেষ করে তিনি চট্টগ্রামে যাবেন। সেখানে সকাল ১১টায় লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা, দুপুর ২টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষ করে রাতে আকাশপথে ঢাকায় ফিরবেন তিনি।
দলীয় সূত্র জানায়, এসব জনসভায় জামায়াতে ইসলামীর পাশাপাশি ১০ দলীয় জোটের অন্যান্য শরিক দলের নেতারাও উপস্থিত থাকবেন। জনসভাগুলোতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলকে ঘিরে জামায়াত-নেতৃত্বাধীন জোটের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরা হবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে।
এদিকে, সফরকে ঘিরে কক্সবাজার ও চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আজ সকালে কক্সবাজারের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জনসভাস্থল পরিদর্শন করেন জামায়াতের কেন্দ্রীয় প্রতিনিধিদল।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান জানান, জনসভাগুলোতে লাখো মানুষের অংশগ্রহণ হবে বলে তারা আশাবাদী।