আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম মহানগরী ও জেলায় ৭১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে নিয়মিত টহল কার্যক্রম শুরু করেছেন তারা।
বিজিবি সূত্রে জানা গেছে, এই টহল কার্যক্রমের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজিবির রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহামুদুল হাসান জানান, নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সদস্যরা সজাগ রয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি ও জাতীয় পার্টিসহ ২৫ রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে গত ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মাঝে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেয়ার পর পরদিন ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রার্থীরা। যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।