চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে বন্দরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে সর্বাত্মক ধর্মঘট শুরু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় এই কর্মসূচি। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।
কর্মসূচি সফল করতে মাঠে আছেন নেতা কর্মীরা। সরেজমিনে দেখা যায়, ধর্মঘটের ফলে সকাল থেকেই বন্দরে শ্রমিক উপস্থিতি কম। প্রবেশ পথে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা।
এদিকে কর্মসূচির সমর্থনে বেলা ১১টায় শ্রমিক দল বন্দর এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য চুক্তি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। অন্যথায় আরও বন্দর অচলের ডাক দিবেন তারা।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা ইব্রাহিম খোকন ও হুমায়ুন কবীর বলেন, শনিবার বন্দরে নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালন করবেন। পরদিন রবিবার বন্দরের সব প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে রবিবার বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে এনসিটি সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অফিস চলাকালে মিছিল, মহড়া ও আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের উদ্যোগ এবং আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভ করছেন বন্দরের শ্রমিক–কর্মচারীরা।