এগারো দলীয় জোট সরকার গঠন করতে পারলে ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীর বন্যা সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শুক্রবার ফেনীর নির্বাচনি জনসভায় তিনি বলেছেন, ‘এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এ ব্যাপারে ব্যাপার-স্যাপার আছে।’
‘আমরা তাদেরকে শ্রদ্ধা করি। আশা করি, তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে। এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করব ইনশাআল্লাহ। কারণ আমার দেশ রক্ষার অধিকার আমার। এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারব না।’
শফিকুর রহমান বলেন, ‘৩৬ জুলাইর বিপ্লবের পরপরই সম্ভবত ১২ অগাস্ট, সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা পানির তোড়ে বাঁধ ভেঙে গোটা ফেনী জেলা সমুদ্রে পরিণত হয়েছিল। পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়টা প্রথম দিনেই ঝুঁকি নিয়ে আমরা এসেছিলাম।
‘…ওই সময়টা ভাঙ্গা বাঁধের জায়গায় যেতে পারিনি। এর পরেই আবার যখন অনুকূল সামান্য পরিবেশ এসেছে, এসেছিলাম সেই জায়গাটা দেখার জন্য। ছোট্ট একটি জায়গা। এটি মর্যাদার প্রশ্ন, এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন।’
জামায়াত আমির বলেন, ‘আজকে আমার বড়ই মনে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবরার ফাহাদকে। এই ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল; এজন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী আবরার ফাহাদের রুহকে আপনাদের কাছে রেখে গেলাম।’
‘যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আমার অনুরোধ থাকবে আপনারা আবরার ফাহাদকে আপনাদের কলিজায়, আপনাদের হৃদয়ে একটু জায়গা দিয়ে রাখবেন। সে আপনাদের কথা বলেছিল। সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল। এজন্য যারা আধিপত্যবাদের দোসর এবং যারা আধিপত্যবাদের দালাল তারা তাকে সহ্য করতে পারেনি।’