,

 

চট্টগ্রামের ৭৬ শতাংশ ভোটকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : 30 January 2026, 01:03

মহানগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রাম জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯৬৫টি। তবে এর মধ্যে প্রায় ৭৬ শতাংশ ভোটকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’ বলছে আইনশৃঙ্খলা প্রশাসন। তবে সুষ্ঠু পরিবেশে যাতে নির্বাচন সম্পন্ন করা যায়, সেজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট প্রশাসন। নির্বাচনী এলাকায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড (উপকূলীয় এলাকায়), র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।

কেন্দ্রগুলোর ঝুঁকি মোকাবেলায় এবার নির্বাচনের চারদিন আগে থেকে এবং নির্বাচন পরবর্তী দুই দিন মিলিয়ে মোট ছয়দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখার ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি নির্বাচনী আসনে ১৯৬৫টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে জেলার ১৩৫৮টি কেন্দ্রের মধ্যে ১০৩০টিকে ‘ঝুঁকিপূর্ণ’ বলছে সংশ্লিষ্ট সংস্থা। মহানগর এলাকার ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৪৬১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে। আবার মোট ভোটকেন্দ্রের মধ্যে ৬৫৬ টি কেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা প্রশাসন। এর মধ্যে আবার মহানগরেই রয়েছে ৩১০টি কেন্দ্র।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘অতি ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রগুলোতে আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধী যেই হোক তার ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বাহিনী মোতায়েন থাকবে। কেন্দ্রগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমাদের পরিকল্পনা সাজাচ্ছি।

এ ব্যাপারে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, প্রতিবার কিছু ভোটকেন্দ্র স্বাভাবিক ভাবে ‘ঝুঁকিপূর্ণ’ থাকে। এবারও কিছু কিছু কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত আছে। ঝুঁকি মোকাবেলায় কেন্দ্রগুলোতে আমরা জনবল বাড়িয়ে দেয়ার ব্যবস্থা করেছি। টহল টিম মোতায়েন করা হবে।

এছাড়া, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হলেও অধিকাংশ কেন্দ্রেই নেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। আইনশৃঙ্খলা প্রশাসন সূত্রের তথ্যে জানা গেছে, চট্টগ্রামের মোট কেন্দ্রের মধ্যে মাত্র ৫৩৭টি কেন্দ্রে ৫৭০৬টি সিসি ক্যামেরা রয়েছে। তাছাড়া অধিকাংশ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। এসব কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসারদেরকে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

ভিডিও