চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আরও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এ রায় দেন।
রায়ে আসামি মনিরুল হককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- ছাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক ও মো. হাছান। দণ্ডিতদের সবার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম জানান, বিচার চলাকালীন সময়ে আলী আহম্মদ ও মো. গফুর নামে দুই আসামি মৃত্যুবরণ করায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি ৯ আসামির সবাই দণ্ডিত হয়েছেন। এদের মধ্যে রফিক, বাবুল হক ও আবদুর রাজ্জাক রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায়ের পর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। পলাতক ছয় আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।