রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

যারা শঙ্কা সৃষ্টি করছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে: আমির খসরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭

যারা নির্বাচন নিয়ে শঙ্কা ও অস্থিরতা সৃষ্টি করছে, তারাই ক্রমেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি বড়পুল, ছোটপুল, বাদশা মিয়া ব্রিকফিল্ড রোড, ইসলামিয়া ব্রিকফিল্ড রোড, সিজিএস কলোনি, সিডিএ এলাকা, বিল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি গোষ্ঠী আছে যারা গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশের সমস্ত মানুষ আজ গণতন্ত্রের পক্ষে এবং নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধভাবে নেমেছে। আন্তর্জাতিকভাবেও বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করছে।

তিনি বলেন, দেশের ভেতরে একটি গোষ্ঠী রয়েছে যারা নির্বাচনের পক্ষে নয়। তারা বিভিন্নভাবে নির্বাচন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার ও সংসদ প্রতিষ্ঠা করতে চায়। যারা শঙ্কা সৃষ্টি করছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জনগণ তাদের জায়গায়ই অটল আছে।

বিএনপির প্রতি জনগণের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি প্রান্তে ধানের শীষ ও বিএনপির প্রতি জনগণের উচ্ছ্বাস স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জনগণ তাদের ভালোবাসার প্রতিফলন দেখাচ্ছে। বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। বিএনপি ও গণতন্ত্র আজ একাকার হয়ে গেছে।

আমির খসরু আরও বলেন, রাজনীতির সংস্কৃতিতে বিএনপি পরিবর্তন চায়। বিএনপি সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মানবোধ ও শান্তি প্রতিষ্ঠা করতে চায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ঢাকায় নেমে তিনবার বলেছেন—আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।

তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থিতিশীলতা, শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্মানবোধ। এই সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আগামী ১২ তারিখ একটি সুন্দর বাংলাদেশ গড়তে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

গণসংযোগকালে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদার, সদস্য সচিব মো. মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়াসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।

ভিডিও