রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

তাহাজ্জুদের সময় উঠে ভোটকেন্দ্রে ফজরের নামাজ পড়বেন: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:১৪

নির্বাচনের দিন তাহাজ্জুদের সময় উঠে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ১২ তারিখে নির্বাচন, ইনশাআল্লাহ। নির্বাচনের সময় কখন যাবেন ভোট দিতে? এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে জামাত করে ফজরের নামাজ পড়বেন। তারপর যখন ভোটকেন্দ্র খুলবে লাইন করে দাঁড়িয়ে যাবেন।

তিনি বলেন, বিগত ১৫ বছর যেভাবে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে সে রকম এটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। এই ষড়যন্ত্র সম্পর্কে সকলে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। যাতে আপনাদের অধিকার আবার কেউ ছিনিয়ে নিতে না পারে।

তারেক রহমান বলেন, আমি লাখো-কোটি মানুষের কাছে আহ্বান জানাচ্ছি; যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করেন; তাদের আমি আহ্বান জানাবো ধানের শীষ তথা বএনপির ওপর আস্থা রাখুন। বিএনপি বিজয়ী হলে অতীতের মতো এদেশের খেটে খাওয়া মানুষদের সাথে নিয়ে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতো সুন্দর করে গড়ে তুলতে হয় তাহলে গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কারণে শহীদ ওয়াসিম আকরামসহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের এই ত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। ইনশাআল্লাহ, বিএনপির ওপর আস্থা রাখুন। বিএনপি আপনাদের সাথে নিয়ে সেই আস্থা পূরণ করবে।

ভিডিও