,

 

রাঙামাটিতে আগুনে পুড়লো ৫ পরিবারের বসতঘর

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : 20 January 2026, 07:51

রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জনৈক জাফর মিস্ত্রির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী ঘরগুলোতে গ্রাস করে। আগুনের তীব্রতা দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেরা পানি দিয়ে নেভানোর চেষ্টা শুরু করেন।

খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে রাঙামাটি সেনা জোনের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে সহায়তা করে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাঙামাটি স্টেশনের অতিরিক্ত পরিচালক নিউটন দাশ জানান, আকস্মিক এই অগ্নিকাণ্ডে ১১টি কক্ষ সম্বলিত ৫টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপের কারণে আগুন আরও বড় এলাকায় ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।

ভিডিও