চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ ও ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে বারোমাসিয়া চা বাগান এলাকায় এ তল্লাশি চালানো হয়।
এ সময় বারোমাসিয়া চা বাগান টিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ গজ পেছনে জঙ্গলের ভেতর দুষ্কৃতকারীদের ফেলে যাওয়া দুটি বস্তা থেকে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য দুষ্কৃতকারীরা এসব আগ্নেয়াস্ত্র সেখানে মজুদ করে রেখেছিল। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হবে।