রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

র‍্যাব কর্মকর্তা নিহত

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’র ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:২১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানের সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই এলাকায় যৌথ অভিযান বা কম্বাইন্ড অপারেশন চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

প্রেস সচিব স্পষ্টভাবে জানিয়ে দেন, এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং কোনোভাবেই বাহিনীর মনোবল ভাঙতে দেওয়া যাবে না।

সলিমপুরের ঘটনার প্রেক্ষাপট উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত এবং আরও তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন। র‍্যাব-৭ এর তথ্যানুযায়ী, একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের ধরতে সরকার এখন সেখানে সমন্বিত অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

‘জঙ্গল সলিমপুরে দ্রুত চালানো হবে’
র‌্যাবের ওপর হামলায় জড়িতদের ধরতে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মো. রাসেল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং মোবাইল ফোনের তথ্য পর্যালোচনা চলছে।

এসব তথ্যের ভিত্তিতে অভিযানে নামা হয়েছে। গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত এজাহার পাওয়া যায়নি। এজাহার পাওয়া মাত্রই মামলা রুজু করা হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশে এ কর্মকর্তা আরও জানান, অভিযান চলাকালে স্থানীয় জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় উচ্ছৃঙ্খল জনতা কয়েকজন র‌্যাব সদস্যকে আটক করে নিয়ে যায়। তাদের কাছ থেকে অস্ত্রও ছিনিয়ে নেওয়া হয়।

খবর পাওয়ার পর জেলা পুলিশ সুপারসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে জনতার কাছ থেকে র‌্যাব সদস্যদের উদ্ধার করা হয়। ছিনিয়ে নেওয়া অস্ত্রও উদ্ধার করা হয়।

ঘটনাস্থলটি ছিন্নমূল ও বিক্ষিপ্ত জনবসতিপূর্ণ এলাকা হওয়া অভিযান পরিচালনা কঠিন উল্লেখ করে তিনি বলেন, সেখানে স্থানীয় মানুষের তুলনায় বিভিন্ন স্থান থেকে আসা মানুষের সংখ্যা বেশি। এ কারণে অভিযান পরিচালনা করা কঠিন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিপুল সংখ্যক জনবল দিয়ে দ্রুত ও পরিকল্পিত অভিযান পরিচালনা করা হবে।

ভিডিও