এলপিজি গ্যাসের তীব্র সংকটে অচল হয়ে পড়েছে পর্যটন নগরী রাঙামাটি। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শহরের প্রধান পরিবহন ব্যবস্থা সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সারা শহর ঘুরে দেখা গেছে, শহরের পাঁচটি গ্যাস সরবরাহ পাম্পেই গ্যাস না থাকায় রাস্তায় নামতে পারছেন না অধিকাংশ সিএনজি-অটোরিকশাচালক। একসময় যানজট ও কোলাহলে মুখর রাঙামাটির প্রধান সড়কগুলো এখন প্রায় ফাঁকা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও যানবাহন না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা।
অল্প কিছু অকটেনচালিত অটোরিকশা চলাচল করলেও যাত্রীদের অভিযোগ, এসব গাড়িতে নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। রহিম নামে এক যাত্রী বলেন, যে পথে ভাড়া ১০ টাকা হওয়ার কথা, সেখানে ২০ টাকা আদায় করা হচ্ছে। দেখার যেন কেউ নেই।
সিএনজিচালক রূপায়র চাকমা জানান, গ্যাস সংকটের কারণে শহরের প্রায় সব সিএনজি অটোরিকশা বন্ধ। হাতে গোনা কয়েকটি গাড়ি চলছে।
সিএনজি সমিতি থেকে মাইকিং করে অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেক চালক তা মানছেন না বলে অভিযোগ উঠেছে। এতে সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।
রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম বলেন, ‘গ্যাস সংকটে এরইমধ্যে প্রায় পাঁচ শতাধিক অটোরিকশা বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বর্তমানে চলাচলকারী গাড়িগুলোও বন্ধ হয়ে যাবে।
এদিকে, মেসার্স মা পেট্রোলিয়াম এন্ড এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন ব্যবস্থাপক সঞ্জয় দাস বলেন, ডিপো থেকে প্রয়োজনীয় এলপিজি গ্যাস সরবরাহ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। আমরা যে গ্যাস পাই তা রেশনিং করে চালকদের দিচ্ছি।