রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে পুলিশ হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫

চট্টগ্রামে পুলিশের এক সদস্যকে কুপিয়ে হত্যার দায়ে দশজন ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মোট আড়াই লাখ টাকা জরিমানার অর্থ নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন এবং বাকি পাঁচজন পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৩ নভেম্বর খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর সামনে ছুরিকাঘাতে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) নিহত হন। ওইদিন একটি ছিনতাইয়ের ঘটনা দেখে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আরও তিন পুলিশ সদস্য আহত হন। এই হত্যা মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। নিহত আবদুল কাইয়ুম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ছিলেন।

ভিডিও