রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফটিকছড়িতে আগুনে পুড়লো ৫ বসতঘর

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:০৯

চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে গেছে অন্তত ৫টি বসতঘর। এতে ২০-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। যদিও ফায়ার সার্ভিসের মতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখের মতো।

রবিবার (১১ জানুয়ারি) মাগরিবের নামাজের কিছুক্ষণ পর উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোইষ্যার বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন। তিনি বলেন, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সব হারিয়ে এখন প্রায় দিশেহারা।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, ধুরুং খুলশী লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মুনায়েম এবং ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহাজাহান। এ ছাড়া মো. জানে আলম, শাহ আলম, আবুল কালাম ও মাহবুব আলমের বসতঘরও পুড়ে গেছে।

স্থানীয় মোহাম্মদ ইলিয়াস জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকাবাসী দ্রুত নেভানোর চেষ্টা করেন। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে নিজের নগদ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং দলিলপত্রসহ অন্তত ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত শিক্ষক মো. শাহাজাহান। তিনি বলেন, অন্য পরিবারগুলোও কোনও মূল্যবান জিনিসপত্র বের করতে পারেননি। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০-৩০ লাখ টাকা হতে পারে।

এ বিষয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম বলেন, আগুনের খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

ভিডিও