রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে ২০ বছর আগের হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪২

জায়গা জমির দখলকে কেন্দ্র করে কক্সবাজারের কুতুবদিয়ায় এরশাদুল হাবিব রুবেল নামে এক ব্যক্তিকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক তিন আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার(৭ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ রায় ঘোষণা করেন। ভুক্তভোগী এরশাদুল কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মৃত আবুল কাসেমের সন্তান।

মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন— জাহেদুল ইসলাম ওরফে ফরহাদ, আবু এরশাদ ওরফে জুয়েল, রুস্তম আলী এবং আব্দুল্লাহ আল মামুন ওরফে সোহেল। এদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে জাহেদুল ইসলাম ছাড়া বাকি ৩ জন পলাতক রয়েছেন।

অন্যদিকে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত আজহারুল ইসলাম ওরফে হোটন, তৌহিদুল ইসলাম ওরফে আরাফাত, হোসাইন মোহাম্মদ ওরফে সাজ্জাদ এবং মোহাম্মদ সৈয়দকে এই মামলার দায় থেকে খালাস প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর, রমজান মাসে ইফতারের পর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কুতুবদিয়া থানাধীন বড়ঘোপ বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে কান্দাইল্যা পাড়া নামক স্থানে এরশাদুল হাবিব রুবেল নামক এক ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে জখম করা হয়। মূলত জমি জমা সংক্রান্ত বিরোধে এমনটা ঘটে।

আদালতের রায়ের বিবরণ অনুযায়ী, পরিকল্পিতভাবে তাকে রিকশা থেকে নামিয়ে কিরিচ, দাও, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে মাথা, কাঁধ ও বুকে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুতুবদিয়া উপজেলা হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুক্তভোগীর মা সেই বছরের ১৭ অক্টোবর ১৮ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। পরে দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও বাকি ৪ জনকে খালাস দিয়েছেন আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। তিনি বলেন, চারজনকেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ভিডিও