চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, পটিয়া আসনে মনোনয়ন দাখিল করা ১১ জন প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৭ জন প্রার্থীর কাগজপত্র সঠিক পাওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির এনামুল হক এনাম, জামায়াতে ইসলামীর ডা. ফরিদুল আলম, গণঅধিকার পরিষদের ডা. এমদাদু হাসান, ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মো. পেয়ারু, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম বেলাল নুর, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আবু তালেব হেলালী ও জাতীয় পার্টির ফরিদ আহমদ চৌধুরী।
অপরদিকে ঋণখেলাপির অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এম ইয়াকুব আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া দলীয় মনোনয়নপত্রের সত্যতা প্রমাণ না হওয়ায় জাতীয় পার্টির (জেপি) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। হলফনামায় অসত্য তথ্য দেওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী শাখাওয়াত হোসাইন এবং কেন্দ্রীয় বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমদের মনোনয়নপত্রও বাতিল বলে ঘোষণা করা হয়।
বাতিল হওয়া প্রার্থী সৈয়দ সাদাত আহমদের বিষয়ে তার প্রতিনিধি জানান, দলের মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে তারা আগেই প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দিয়েছিলেন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা বিধি অনুযায়ী আপিলের সুযোগ পাবেন। আগামী ১২ ফেব্রুয়ারি পটিয়া আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি।