ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সর্বশেষ তথ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মনোনয়ন যাচাই করেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই ও কাগজপত্র সংশোধনের সময় শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন, জনতার দলের প্রার্থী মোহাম্মদ গোলাম নওশের আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. ওসমান আলী।
এদিকে, চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার, স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব এবং গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতারের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় গুরুতর অসঙ্গতি ও মৃত ভোটারের স্বাক্ষর পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের তথ্য জমা না দেওয়ায় বাতিল হন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব নির্বাচনী ব্যয়ের হিসাব ফরম-২০, ব্যক্তিগত সম্পদ বিবরণী ফরম-২১ ও হলফনামা দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়। গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন না করায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।