বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন এলাকায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে সেখানে ভিড় করছে শোকে মুহ্যমান দলের নেতাকর্মীরা।
নাসিমন ভবনে গিয়ে দেখা যায়, অফিসের বাইরে চেয়ার নিয়ে পকেটে কালো ব্যাজ লাগিয়ে সারিবদ্ধভাবে বসে আছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। নগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া আমাদের কাছে কেবল নেত্রী ছিলেন না তিনি ছিলেন আমাদের মায়ের মতো। এই দেশ মাতৃকাকে ভালবেসে সারা জীবন তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারের অমানুষিক নির্যাতন-নিপীড়নের মুখেও তিনি কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। তার মৃত্যুতে কেবল বিএনপি নেতাকর্মীরা নন সারাদেশের মানুষ অভিভাবকহীন হয়েছে। তার এই শূন্যতা কখনো পূরণ হবে না।
তিনি বলেন, চেয়ারপার্সনের মৃত্যুতে ইতোমধ্যে দলের পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকেও কর্মসূচি পালন করা হবে।
এ সময় সেখানে চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ অনেককে বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন।