রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

শেষ দিনে জটিলতায় ছিটকে পড়লেন ফটিকছড়ির দুই প্রার্থী

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির দুই প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির প্রার্থী শেখ হুসাইন মো. শাহজাহান ইসলামাবাদী মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন।

দলটির নেতা মাওলানা নিজাম উদ্দীন জানান, নেজামে ইসলামী পার্টি মাত্র আগের দিনই নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে। ফলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে কার্যালয়ে পৌঁছানো সম্ভব হয়নি। তবে এ বিষয়ে পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনগত করণীয় রয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. জুলফিকার আলীও মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। দলটির উপজেলা সভাপতি মাওলানা শওকত আলী আজমী জানান, মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি না থাকায় তা সংগ্রহ করতে গিয়ে নির্ধারিত সময় শেষ হয়ে যায়। ফলে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি।

এতে করে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে উক্ত দুই দলের প্রার্থীরা এবারের নির্বাচনী প্রতিযোগিতার বাইরে ছিটকে পড়লেন।

ভিডিও